কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের চারটি দাঁত ভেঙে গেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার রুটে চলাচলরত ট্রেনটিতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলেন- মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ (৪০)। এর মধ্যে হিমেলের চারটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁটের ভেতরের অংশে গুরুতর জখম হয়। অপরদিকে আবু সাঈদ ঘাড়ে আঘাত পেয়েছেন।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসে ছিলেন আহত দুই যাত্রী। ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছুড়ে মারা একটি পাথর জানালা ভেঙে ভেতরে ঢুকে তাদের আঘাত করে।
পরে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বিজ্ঞাপন
একই বগিতে থাকা যাত্রী সাইদুল ইসলাম জানান, তারা ১৮-২০ জনের একটি দল দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
তিনি বলেন, হিমেলের চারটি দাঁত ভেঙে গেছে, ঠোঁটের ভেতরে কেটে গেছে সেলাই লাগতে পারে। অন্যজনের ঘাড়েও গুরুতর আঘাত লাগে।

তিনি অভিযোগ করেন, ঘটনার সময় ট্রেনের অ্যাটেনডেন্ট উপস্থিত ছিলেন না। বিষয়টি জানানোর পর গার্ড ও অ্যাটেনডেন্ট ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেন। যদিও একজন রেলওয়ে পুলিশ সদস্য সহায়তা করেন, তবে অন্যদের দায়িত্বহীনতায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এমনকি স্থানীয় থানায় জানানো হলে উল্টো জানালা খোলা রাখার বিষয় নিয়ে যাত্রীদের প্রশ্ন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। গত এক বছরে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে অন্তত ১৪৫টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন ৩৯ জন। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কক্সবাজার রুটে এখানে ৩৮টি ঘটনায় আহত হয়েছেন ১৪ জন যাত্রী। এসব ঘটনায় ট্রেনের দরজা-জানালারও ব্যাপক ক্ষতি হয়েছে।

বর্তমানে কক্সবাজার রুটে চার জোড়া ট্রেন চলাচল করছে এর মধ্যে দুটি ঢাকা-কক্সবাজার এবং দুটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে। যাত্রী চাহিদা বাড়লে বিশেষ ট্রেনও চালানো হয়। জনপ্রিয় এই রুটে বারবার পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে চকরিয়া-হারবাং এলাকায় রেলওয়ে পুলিশকে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস




