ঝালকাঠির নলছিটি উপজেলায় দমকা হাওয়ার কারণে একটি পরিত্যক্ত টিনশেড ঘর ধসে নাফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, এলাকার প্রবাসী নয়ন মোল্লার স্ত্রী নাসরিন বেগম তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার সময় নাফিয়া আক্তারকে সঙ্গে নিয়ে তার নানা মোহাম্মদ নুর আলম ভুঁইয়া বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পরিত্যক্ত টিনশেড কাঠের ঘরে প্রবেশ করেন। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় ঘরের টিন খুলে গেলে তা ঠিক করতে নুর আলম ভুঁইয়া মাচায় ওঠেন। কিন্তু প্রবল বাতাসে পুরো ঘরটি ভেঙে পড়ে। এতে তিনি আহত হন এবং ঘরের ভাঙা টিন ও কাঠামোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু নাফিয়া আক্তার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফু আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




