জনগণের জীবনমান উন্নয়নই বিএনপি সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
বিএনপির জনকল্যাণমুখী কার্যক্রমের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা। জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।
নারীদের গৃহস্থালি কাজকে সহজ করতে সরকার এলপিজি কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে রান্নার জ্বালানি সহজলভ্য করা হবে এবং কাঠ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
সরকারপ্রধান বলেন, মা-বোনদের রান্নার জন্য অনেক কষ্ট করতে হয়। আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম এলপিজি গ্যাস মা-বোনদের পৌঁছে দেব, যাতে করে মা-বোনদের রান্নার জন্য কষ্ট করতে না হয়।
খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটিকে খনন করেছিলেন। আমরা চার কিলোমিটারের এই খাল পুনঃখনন করবে। এই খাল খনন করলে এলাকার মানুষ পানি পাবে। এতে প্রায় ২০ হাজারের বেশি কৃষক উপকৃত হবে। ১৪০০ টনের মতো খাদ্যশস্য উৎপাদন হবে। খালের পানিতে ৭২ হাজারের মতো মানুষ সরাসরি উপকৃত হবে। খাল খনন শেষ হলে এই খালের পাড়ে তিন হাজার বৃক্ষরোপণ করা হবে।
বিজ্ঞাপন
তারেক রহমান বলেন, ‘নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সরকার গঠন করলে শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করবে। আগামী ৫ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করতে চাই। যাতে গ্রামে বসবাসকারী মানুষ সেখান থেকে আয় করতে পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। বেগম খালেদা জিয়া নারীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিয়ে গেছেন। আমরা নারীদের পড়াশোনা উচ্চতর ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিতে চাই। পাশাপাশি মেধাবী নারী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হবে।
যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ অনেকে।
প্রতিনিধি/টিবি




