সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

জামায়াত এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

জামায়াত এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বহিষ্কৃত তিনজনের ছবি

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এরআগে গতকাল (২৬ এপ্রিল) রোববার তাদের তাদের বহিষ্কার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, সহিংসতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞাপন


ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় পূর্বধলায় একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।  পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর