ফরিদপুরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে লিটু নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৭ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
ওই মাদক কারবারি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরা লাইন নামে একটি বাসে সাতক্ষীরা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে সঙ্গে থাকা এক ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, দেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। মাদক কারবারিরা এই রুটকে ব্যবহার করে মাদক পরিবহন করে আসছিল। গত এক মাসে বেশ কয়েকজন মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুজ্জামানকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি




