খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কমিটিতে পদ পাওয়া সব নেতার নামে মামলা দায়ের করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।
এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানার উপপুলিশ পরির্দশক বাদশা বুলবুল বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন
নবগঠিত কমিটির সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক সাইমন চৌধুরীসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সদর থানার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদ্য জেলা কমিটির নেতারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা থেকে মামলা দায়ের করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, গত ২১ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের নবগঠিত কমিটি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




