অটোচালকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁ থেকে সব ধরনের বাস-অটোরিকশা চলাচল আবার শুরু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা হওয়ায় এ যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুরে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। আকস্মিক এই বাস-অটোরিকশা চলাচল বন্ধে অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিজ্ঞাপন
বাসশ্রমিকদের দাবি, প্রশাসন থেকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে অটোরিকশায় যাত্রী ওঠানোর নিষেধাজ্ঞা রয়েছে। সেটিকে অমান্য করে অটোচালকেরা যাত্রী উঠাচ্ছে। তারা যাত্রীদের জিম্মি করে ইচ্ছেমতো ভাড়া আদায় করে। বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠালে আমাদের শ্রমিকেরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অটোচালকেরা আমাদের গালিগালাজ করে। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’
অপর দিকে অটোরিকশা চালকদের দাবি, বাসচালকেরা আমাদের জিম্মি করে রেখেছে। সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও রিজার্ভ কিংবা তিনজন করে যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। অনুমতি থাকা সত্ত্বেও তারা যাত্রী তুলতে বাধা দেয় এবং লাঠিয়াল বাহিনী দিয়ে সড়কে চাঁদাবাজি করে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সড়কে বাস চলতে দেওয়া হবে না। অটোরিকশাও চলবে না।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা এস এম মতিউজ্জামান মতি বলেন, সকালে যাত্রী ওঠানো নিয়ে মোটরশ্রমিকদের ও অটোরিকশাচালকদের মধ্যে একটি ঝামেলা হয়। এরপর মালিক ও শ্রমিক নেতারা বসে সেটি সমাধান করে। কিছুক্ষণ পরেই এক অটোচালক এসে আমাদের গালিগালাজ করে, এতে পরিবেশ উত্তপ্ত হয়ে যায়। এর পর থেকে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। পরে প্রশাসনের সহযোগিতায় বাস চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
নওগাঁ সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুস সালাম বলেন, অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের সংঘর্ষ লেগেই থাকে। তারা আমাদের গাড়ি থামিয়ে সড়কে চাঁদাবাজি করে। পরে প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দুই পক্ষের সাথে আলোচনার পর বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




