দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঝালকাঠির যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপো।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ডিপোটির কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
ডিপো সংশ্লিষ্টরা জানান, মেরামতজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর প্রথম দিনেই ডিপোতে সাড়ে তিন লাখ লিটার ডিজেল মজুদ করা হয়েছে। একই দিনে ৬ জন ডিস্ট্রিবিউটরের কাছে প্রায় ১২ হাজার লিটার ডিজেল সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এ ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, ডিপোতে জ্বালানির কোনো সংকট নেই। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরবরাহ স্বাভাবিক রাখতে কোম্পানি বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা, ঝালকাঠি পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ এবং ডিপো সুপার মো. আবুল বাশারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় ১৯৯৩ সালে যমুনা অয়েল এই ভাসমান বার্জ ডিপোটি স্থাপন করে। ডিপোটির ধারণক্ষমতা ৪১৫ কিলোলিটার (প্রায় ৩৪৯ মেট্রিক টন), যা এ অঞ্চলে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিনিধি/এসএস




