ঢাকার নবাবগঞ্জ উপজেলার ‘আশরাফুল উলুম মাদরাসার শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক জাকারিয়া ও হাফেজ নাজিম উদ্দিনকে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার বিকেলে (২৫ এপ্রিল) মাদরাসা কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানান বলে জানা গেছে। অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা মেইল’ এ- ২০ এপ্রিল ‘নবাবগঞ্জে মাদরাসার দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ’- শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর মাদসারা কর্তৃপক্ষের নজরে আসলে বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত দুই শিক্ষককে বরখাস্ত করেন।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদরাসায় অধ্যয়নরত ৪ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করলে ভুক্তভোগী পরিবারের পক্ষে মুন্নু কাজি নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে মাদরাসা কর্তৃপক্ষ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উভয় পক্ষের কথা শুনার পর মাদরাসার দুই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেন।
মুন্নু কাজি জানান, মাদরাসা কর্তৃপক্ষ আমাদেরকে ডাকলে আমরা সেখানে উপস্থিত হই। আমাদের এবং অভিযুক্ত শিক্ষকদের কথাবার্তা শোনার পর মাদরাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা মেনে নিয়েছি।
আশরাফুল উলুম মাদরাসার প্রিন্সিপাল জানান, ছাত্রদের মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় আমাদের দুই শিক্ষক জাকারিয়া ও হাফেজ নাজিম উদ্দিনকে আমার স্থায়ীভাবে বহিষ্কার করেছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের অবগত করা হয়েছে।
বিজ্ঞাপন
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ বলেন, গতকাল মাদরাসার কর্তৃপক্ষ দুইজন শিক্ষককে বহিষ্কার করেছে শুনেছি। বাদী যে লিখিত অভিযোগ করেছে সেটা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উপজেলার বারুয়াখালী ইউনিয়নের জৈনতপুর এলাকায় অবস্থিত আশরাফুল উলুম মাদরাসার আবাসিকের চার (মক্তব ও দ্বিতীয় শ্রেণি) শিক্ষার্থী জুনায়েত কাজি, সিফাত হোসেন, সাঈদ হোসেন ও সোয়াইব হোসেনকে অমানবিকভাবে নির্যাতন ও মারধর করার ঘটনার পর থানায় ডিজি হওয়ার প্রেক্ষিতে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
প্রতিনিধি/এসএস




