নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার। পরে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজার এলাকায় ভুক্তভোগীর বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর ছেলে জামসেদসহ প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ইব্রাহিম পার্টির নির্দেশে তার ভাই আবুল হোসেন, খায়ের পার্টি ও তার ভাতিজা ইলিয়াস মাঝিসহ ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনোয়ার মেম্বারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। রাত ১০টার দিকে নামার বাজারে তাদের মেশিনারিজ পার্টসের দোকান বন্ধ করে বাড়ির দরজায় পৌঁছালে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ সময় তার সঙ্গে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
জামসেদ বলেন, চিৎকার শুনে দ্রুত বাসা থেকে বের হয়ে তিনি দেখেন একদল অস্ত্রধারী তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করছে। বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও আহত হন। তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে অন্যদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় ইব্রাহিম পার্টির আত্মীয়-স্বজনসহ আরিফ, এনায়েত, মিরাজ মাঝি ও আবুল কাশেম (রাসেল) সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।
ইব্রাহিম পার্টির বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ এনে জামসেদ আরও বলেন, বিগত সরকারের পতনের আগে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে নিজেদের বিএনপি পরিচয়ে খাল-নদী দখল ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হাতিয়া আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মাহবুবের রহমান শামীমকে অবহিত করার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার বিষয়ে নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন বণিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আনোয়ার মেম্বারকে আহত অবস্থায় উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, আবুল হোসেন, খায়ের পার্টি ও ইলিয়াস মাঝিসহ একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বিজ্ঞাপন
অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম পার্টি জানান, তিনি এ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না।
এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আনোয়ার মেম্বারের ওপর হামলার বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস




