চট্টগ্রামের পটিয়ায় আলোচিত ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. আবু তাহেরকে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৫ এপ্রিল) রাতে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১২, সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
র্যাব সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরপরই আসামি আবু তাহের আত্মগোপনে চলে যায় এবং স্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা চালায়। তবে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র্যাব সদস্যরা। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার একটি নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানায়, এই হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। আমরা শুরু থেকেই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে আসছি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ, পরিকল্পনা এবং অন্যান্য জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আবু তাহেরকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাকে নিয়ে রওনা হয়েছে পটিয়া থানার উদ্দেশ্যে। রোববার (২৬ এপ্রিল) সকালে পটিয়া থানায় পৌঁছাবে।
উল্লেখ্য, ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকাণ্ডের পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় গত ১৯ এপ্রিল নিহত আবুল কাশেমের ছোট ভাই আবুল মনছুর বাদী হয়ে ইকবাল হোসেনকে প্রধান আসামি করে আরো দুজনকে এজহারভুক্ত এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এবং জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রতিনিধি/টিবি




