রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘অর্থাভাবে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক’

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ এএম

শেয়ার করুন:

‘অর্থাভাবে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক’
দুর্গম বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষা নিশ্চিতের দায়িত্ব নেন মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক। দেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে-এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ।

শনিবার (২৫ এপ্রিল) রাঙামাটি জেলার দুর্গম বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে মন্ত্রী এ কথা বলেন।


বিজ্ঞাপন


বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইশিকা চাকমা। ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা ইশিকার পরিবার মাত্র সাত হাজার টাকার অভাবে তার এসএসসি পরীক্ষা দিতে না পারার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল।

বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে ইশিকার পরীক্ষার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেন। তিনি দৃঢ়ভাবে বলেন, ইশিকার স্বপ্ন পূরণে যা প্রয়োজন আমরা তা করব।

দীপেন দেওয়ান ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে।

দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে বলে মতবিনিময় সভায় জানান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী। 


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতি দেন। দীপেন দেওয়ান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবার সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর