মানিকগঞ্জে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আল রাফি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শিশু রাফি উপজেলার বীর সিংজুরী গ্রামের (লেবানন প্রবাসী) লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাফি আজ দুপুরের দিকে তার মা পপি আক্তারের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। পুকুরে গোসল করার সময় কোনো এক ফাঁকে রাফি পুকুরে ডুবে যায়। এসময় রাফিকে না দেখতে পেয়ে, তার মা মনে করেন রাফি বাড়ি চলে গেছে। সে জন্য পপি আক্তারও গোসল শেষ করে বাড়ি চলে আসেন। বাড়ি এসে যখন রাফিকে দেখতে না পায়, তখন পপি আক্তার আবার দৌড়িয়ে পুকুরে নেমে ছেলেকে খোঁজাখুঁজি করেন। এসময় পপি আক্তারের পায়ের সঙ্গে রাফি লেগে যায়। শিশু আল রাফিকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি। সেখানে আমাদের পুলিশ গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস




