শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে পাটপণ্যের মেলা

খালেদা জিয়ার সময়েই সরকার পলিথিন নিষিদ্ধ করেছে: বস্ত্র ও পাটমন্ত্রী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার সময়েই সরকার পলিথিন নিষিদ্ধ করেছে: বস্ত্র ও পাটমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারায়ণগঞ্জ শুধু একটি জেলা নয়। এটি বাংলাদেশের শিল্পায়নের ঐতিহাসিক কেন্দ্র। একসময় দেশের পাটশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চল প্রাচ্যের ড্যান্ডি হিসেবে খ্যাতি অর্জন করেছিল। জাতীয় আয়ে এ অঞ্চল অসামান্য অবদান রেখেছে।

শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ অতিথি হিসেবে একথা বলেন মন্ত্রী।


বিজ্ঞাপন


বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাটের উৎপাদন ও বহুমুখী পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি ও সরকারি বেসরকারি পাটকলগুলো যেন চালু থাকে এবং বিদ্যমান সমস্যা নিরসনে ইতোমধ্যে এ সরকার উদ্যোগ নিয়েছে। পাট জাতীয় পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধি করতে আমরা কাজ করছি।

পাট আমাদের রফতানির দুই শতাংশ। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পাটের ওপর গুরুত্ব অনেক। প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগের যে বিশাল চাহিদা বিদেশে সেদিকে বিগত সরকার নজর দেয়নি।

তিনি বলেন, চলতি অর্থ বছরে আমাদের লক্ষ্য ছিল ৯০০ মিলিয়ন ডলার আয় করা। ইতোমধ্যে ৪৯০ নব্বই মিলিয়ন ডলার আয় হয়েছে। কাঁচা পাট উৎপাদনে ও পাট রফতানিতে বাংলাদেশ প্রথম। বেগম খালেদা জিয়া পাটের বহুমুখী ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন। তার বক্তব্যে পাট চাষিদের পাট বীজ ও সার প্রদানের কথা তিনি বলতেন। বর্তমান বিশ্বে পরিবেশ রক্ষায় প্লাস্টিকের পরিবর্তনে পাটের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। খালেদা জিয়ার সময়েই সরকার পলিথিন নিষিদ্ধ করে।

পাট থেকে তৈরি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহারের অভাব, উন্নত বীজের অভাব, ব্যয় বৃদ্ধি ও কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়া, বাজারজাতকরণের সমস্যা আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, পাটের বীজ আমাদের আনতে হয় বিদেশ থেকে। এ সরকারের অগ্রাধিকার আমরা আগামী দিনে পাটের বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব, আমরা। আমরা সমন্বিত উদ্যোগ নিচ্ছি পণ্য ডিজাইন ও ব্রান্ডিংয়ের জন্য।

পাট পণ্য উৎপাদনকারীদের জন্য ঋণের সুবিধা দেওয়ার কাজ করা হচ্ছে। আমরা বিসিকে যে মেলায় যাই সেখানে প্রায়ই দেখি পাট উৎপাদনকারীদের অনলাইন প্ল্যাটফর্‌ম আছে। আমরা নারায়ণগঞ্জকে কেন্দ্র করে আধুনিক পাট শিল্প ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনা করেছি। যেখানে উৎপাদন, গবেষণা, প্রশিক্ষণ ও বিপণন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হবে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি শক্তিশালী হবে।

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরই ব্যক্তিখাতের শিল্প কারখানায় সরবরাহ করা হয়। তাই জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রফতানি কমেছে বিষয়টি এমন নয়। বরং বৈশ্বিক মন্দা রফতানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে।

জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজি ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর