শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

স্বাস্থ্য খাতের সংকটে বিগত দুই সরকার দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ এএম

শেয়ার করুন:

স্বাস্থ্য খাতের সংকটে বিগত দুই সরকার দায়ী: স্বাস্থ্যমন্ত্রী
২৫০ শয্যার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ছবি: ঢাকা মেইল

হামের সংক্রমণ বৃদ্ধি ও এতে শিশু মৃত্যুর জন্য বিগত আওয়ামী লীগ সরকার ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা দেওয়া হয়নি, ফলে হামের প্রাদুর্ভাব বেড়ে এত শিশু প্রাণ গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা প্রদানে সচেতনতামূলক কোনো ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ছয় বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার।’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অপরিকল্পনার কারণে দেশের স্বাস্থ্য খাত সংকটে আছে। হামের টিকার অভাবে শিশুমৃত্যুর হার বেড়েছে। তবে সরকার এখন সারাদেশে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু হলেও গত ২০ এপ্রিল থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান চলছে। দ্রুত সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের মজুত থাকার পরও সরকারের বিরুদ্ধে গণমাধ্যমে প্রয়োজনীয় ভ্যাকসিন না দেওয়ার অভিযোগে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবিরকে ক্লোজ করেন মন্ত্রী। পরে দ্বিতীয় দফায় পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের অভিযোগে জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও একই কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী মো. মিজানকেও ক্লোজ করেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর