চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক খতিব নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়্যারলেস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় ছেলে। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার প্রধান ও স্থানীয় একটি জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আমিরুল ইসলাম ফারুকী। পথে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমআই




