বন্ধুত্বের টানে উপহারের ধরনও কখনো হয়ে ওঠে ব্যতিক্রমী। প্রচলিত উপহারের বাইরে গিয়ে বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে শ্রীমঙ্গলে এক বউভাত অনুষ্ঠানে নবদম্পতিকে উপহার দেওয়া হয়েছে জ্বালানি তেল। চলমান সংকটের প্রেক্ষাপটে এমন উদ্যোগ যেমন বন্ধুত্বের ভিন্ন প্রকাশ, তেমনি সময়ের বাস্তবতারও এক অনন্য প্রতিফলন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গলে এক বউভাত অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক উপহারের চিত্র, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
জানা যায়, উপজেলার উত্তরসুর এলাকায় অনুষ্ঠিত হয় এ বৌভাতের আয়োজন। এর আগে, গত মঙ্গলবার একই এলাকার সুমন পাল ও চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পাল বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বৌভাতের অনুষ্ঠানে অতিথিরা যখন প্রচলিত নিয়মে বিভিন্ন উপহার নিয়ে আসছিলেন, তখন বরের কয়েকজন বন্ধু একেবারে ব্যতিক্রমী কিছু নিয়ে হাজির হন। রাজেশ ভৌমিক, দীপ্ত, নারায়ণ, রুপন ও রাজন নবদম্পতিকে উপহার দেন ৫ লিটার অকটেন। তিনটি প্লাস্টিক বোতলে ভরে তা নান্দনিকভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়।
এমন ব্যতিক্রমী উপহার দেখে উপস্থিত অতিথিরা অবাক হয়ে যান। কেউ বিষয়টিকে রসিকতা হিসেবে দেখেছেন, আবার কেউ বলেছেন, বর্তমান বাস্তবতায় এটি বেশ কার্যকর একটি উপহার।
স্থানীয়দের মতে, জ্বালানি সংকটের এই সময়ে এমন উপহার যেমন বাস্তবতার প্রতিফলন, তেমনি বন্ধুত্বের আনন্দঘন এক ভিন্ন রূপও তুলে ধরেছে।
বিজ্ঞাপন
বন্ধুদের পক্ষ থেকে রাজেশ ভৌমিক বলেন, বর্তমান জ্বালানি সংকটে তেল সংগ্রহ করাই এখন এক ধরনের ভোগান্তি। বন্ধুর নতুন জীবনের শুরুটা সহজ করতে ভিন্নভাবে চিন্তা করেই তারা অকটেন উপহার দিয়েছেন, যা যেমন প্রয়োজনীয়, তেমনি সময়ের বাস্তবতারও প্রতিফলন।
বর সুমন পাল বলেন, মোটরসাইকেলের জন্য তেল সংগ্রহের কষ্টের কথা ভেবে বন্ধুরা এই উপহার দিয়েছে, যা আমার কাছে বিশেষ ও কার্যকর। এটি শুধু মজার নয়, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
উপস্থিত আমন্ত্রিত কয়েকজন অতিথি জানান, এই ব্যতিক্রমী উপহার আনন্দের পাশাপাশি জ্বালানি সংকটের বাস্তব চিত্রও তুলে ধরেছে। নবদম্পতির জীবনের নতুন অধ্যায়ে এমন একটি উপহার নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।
প্রতিনিধি/ এজে




