দাম বাড়লেও ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেলের সংকট কাটেনি। শুক্রবার (২৪ এপ্রিল) জেলার ১৮টি পেট্রোল পাম্পের অধিকাংশ পাম্পে মিলছে না অকটেন ও পেট্রোল।

বিজ্ঞাপন
এতে গ্রাহকদের এক পাম্প থেকে অন্য পাম্পে কাঙ্ক্ষিত তেলের জন্য ছুটতে হচ্ছে। হাতেগোনা যে কয়টি পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানেও দেখা যায় গ্রাহকদের দীর্ঘ সারি। তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গ্রাহকদের তেল সংগ্রহ করতে হচ্ছে।
এছাড়া ডিজেলের সরবরাহ থাকলেও তাও রেশনিং করে দেওয়া হচ্ছে। এতে ডিজেল চালিত যানবাহনগুলো কাঙ্ক্ষিত তেল পাচ্ছে না। দীর্ঘদিনেও এই সংকট নিরসন না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ গ্রাহকরা।

গ্রাহকরা বলছেন, দিনের কর্মঘণ্টার একটা বড় অংশ তেল সংগ্রহের পেছনে নষ্ট হচ্ছে। এতে একদিকে যেমন তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনি শারীরিক ও মানসিক দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিজ্ঞাপন
এদিকে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারাও গ্রাহকদের চাহিদামতো তেল দিতে পারছেন না। আর যেটুকু পাওয়া যায় তা সমবণ্টনের জন্য রেশনিং করে দিতে হচ্ছে। নতুন নির্ধারিত দামে পেট্রোল ১ লিটার ১৩৫ টাকা, অকটেন ১৪০ ও ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাস পরিবহনে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। তবে তা এখনও কার্যকর হয়নি। শীঘ্রই কার্যকর হবে।
প্রতিনিধি/ এজে




