গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাদল চন্দ্র বর্মন (৪৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলার আসামি সপ্তম চন্দ্র বর্মনকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার আসামি সপ্তম চন্দ্র বর্মণ গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের কানাই লাল বর্মণের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-নিহত বাদল চন্দ্র বর্মন গংদের সঙ্গে প্রতিবেশী সপ্তম চন্দ্র বর্মণের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বছরের ২৪ অক্টোবর সকালের দিকে সপ্তম চন্দ্র বর্মণ ও তার দলবল নিয়ে বাদল চন্দ্র বর্মনদের বসতবাড়িতে হামলা করে। এসময় হামলাকারীদের লাঠি ও অস্ত্রের আঘাতে বাদল চন্দ্র বর্মন মারাত্মক আহত হয়।
পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদল চন্দ্র বর্মন মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই সাধন চন্দ্র বর্মন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তখন থেকে প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মণ আত্মগোপনে থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর ও র্যাব-৮, মাদারীপুরের যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় মাদারীপুর সদর উপজেলার কানাগাছিরা এলাকায় থেকে আসামি সপ্তম চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার আসামি সপ্তম চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে।
প্রতিনিধি/এসএস




