ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হাফিজুর রহমান (৩৪) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শৈলকুপার হাট ফাজিলপুর এলাকার ছাবিনগর স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত হাফিজুর রহমান হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও ছাবিনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৭টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন স্কুলশিক্ষক হাফিজুর রহমান। পথিমধ্যে ছাবিনগর স্ট্যান্ডে পৌঁছলে একটি অটোভ্যান ও মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাফিজুর রহমান গুরুতর আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার স্কুলশিক্ষক মারা যান। মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতাল থেকে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস




