শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাতক্ষীরার ছেলের গাড়ীর পেট্রোল নিতে দীর্ঘ লাইনে মা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০১:০০ এএম

শেয়ার করুন:

সাতক্ষীরার ছেলের গাড়ীর পেট্রোল নিতে দীর্ঘ লাইনে মা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ডেমলা ফিলিং স্টেশন থেকে ছেলের মোটরসাইকেলের জন্য পেট্রোল নিতে প্রচণ্ড রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এক মাকে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ডেমলা ফিলিং স্টেশনে এ দৃশ্য দেখা যায়। লাইনে দাঁড়িয়ে থাকা ওই নারীর নাম বিথিকা রানী বৈদ্য, তিনি সাগর বৈদ্যের মা।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে জ্বালানি সংকটের প্রভাবে ৫ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ওই ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু হয়। এর আগে বুড়িগোয়ালিনী ইউনিয়নে তেল বিতরণের সময় বিশৃঙ্খলার জেরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হাতে ফিলিং স্টেশনের ম্যানেজার মারধরের শিকার হন। ওই ঘটনার প্রতিবাদে ৫ দিন তেল সরবরাহ বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় ইউনিয়নভিত্তিক তেল বিতরণের সিদ্ধান্তে পুনরায় কার্যক্রম শুরু হয়।

তিন সন্তানের জননী বিথিকা রানী বৈদ্য বলেন, ‘আমার ছেলে সাগর বৈদ্য মোটরসাইকেল চালিয়ে ও কৃষি কাজ করে সংসার চালায়। সময়মতো তেল না পাওয়ায় আজ সে কৃষি কাজ করতে গেছে। তাই আমি দুই দিন ধরে তেলের লাইনে অপেক্ষা করছি। আজ সকালে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের আগে তেল দেওয়া হয়েছে। এরপর সাধারণ মানুষের লাইনে কিছু তেল দেওয়া হলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিয়ম ছাড়াই তেল দেওয়া হচ্ছে। আমরা প্রায় দুই-তিনশ মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষায় আছি, জানি না কখন তেল পাব।’

স্থানীয় সূত্র জানায়, মুন্সিগঞ্জ ইউনিয়নে দুই হাজারের বেশি মোটরসাইকেল রয়েছে। তেলের সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা দিশেহারা হয়ে ভিন্ন পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন। অনেক পরিবারেই পুরুষরা কাজে থাকায় নারীরা পেট্রোল সংগ্রহ করতে ভিড় করছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য দেবাশীষ গায়েন বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু বিশৃঙ্খলার কারণে তেল দেওয়া বন্ধ ছিল। বর্তমানে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে পুনরায় তেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে তেল বণ্টন নিশ্চিত করা গেলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর