ব্যবসায়িক লোকসান ও দেনার দায়ে চরম হতাশায় ভুগে বিষপানে আত্মহত্যা করেছেন ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব (৩৮) নামে এক বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দি এলাকায় তার নিজ মালিকানাধীন ইটভাটা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মৃত ডা. রাজিব ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) কর্মরত ছিলেন এবং মতলব দক্ষিণ উপজেলায় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায়িক আর্থিক ক্ষতির কারণে ডা. রাজিব দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকজনের নাম উল্লেখ করলেও পরিবারের কেউ দায়ী নয় বলে স্পষ্ট জানিয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী ডা. নওরীন বারী।
পুলিশ জানায়, ভোররাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তারা ইটভাটায় গিয়ে ডা. রাজিবকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




