ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রাব্বি নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে এবং মাহিম শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে। তারা দুজনই নবীনগর উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নারুই এলাকায় দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরোহী রাব্বি ও মাহিম প্রাণ হারান। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা আরও তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সিফাত জানান, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক; তাঁদের চিকিৎসা চলছে।
প্রতিনিধি/একেবি




