বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর শশিকর কালিবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী চড়ক গাছ খেলা ও বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই আয়োজন।

 বুধবার (২২ এপ্রিল)  বিকেলে মেলার শেষ দিন অনুষ্ঠিত হয় বহুল আলোচিত চড়ক গাছ খেলা। এ সময় পাঁচজন যুবকের পিঠে বড় বড় লোহার তৈরি বড়শি ফোঁড়ানো হয়। তাদের মধ্যে দুইজনকে দড়ির সঙ্গে বড়শি দিয়ে বেঁধে চক্রাকারে ঘোরানো হয়। যা দেখতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মাঝে সৃষ্টি করে কৌতূহল ও বিস্ময়।


বিজ্ঞাপন


স্থানীয়দের ভাষ্য, হিন্দু ধর্মাবলম্বীরা এই চড়ক গাছ খেলাকে পূজা হিসেবে পালন করে থাকেন। ভক্তি ও আস্থার জায়গা থেকে তারা প্রতিবছর করে থাকেন এই আয়োজন।

জানা গেছে, প্রায় ৩০০ বছর আগে থেকে এই এলাকায় চড়ক গাছ খেলা ও বৈশাখী মেলার প্রচলন রয়েছে। যা ধরে রেখেছে আজও ঐতিহ্য। তবে এ বিষয়ে রয়েছে ভিন্ন মতও। সচেতন মহলের কেউ কেউ মনে করেন, প্রাচীনকালে রাজারা খাজনা দিতে ব্যর্থ প্রজাদের এ ধরনের শাস্তি দিতেন। সময়ের পরিবর্তনে সেই প্রথা উৎসবের রূপ নিয়েছে বলেও ধারণা করা হয়।

মেলায় বিভিন্ন গ্রামীণ পণ্য, খেলনা, মিষ্টান্ন ও নানান বিনোদনের আয়োজন ছিল। যা স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও হয়ে ওঠে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেছেন, ‘চড়ক গাছ খেলা একটি ভিন্নধর্মী আয়োজন। এটি পরিচালনায় সাহসিকতা প্রয়োজন এবং আয়োজকদের নিরাপত্তা বিষয়েও সচেতন থাকতে হয়।’


বিজ্ঞাপন


ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয়ে এই চড়ক গাছ খেলা ও বৈশাখী মেলা প্রতি বছরই এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর