ফেনীতে লাইসেন্স না থাকা, কাগজপত্র হালনাগাদ না রাখা ও নানা অনিয়মের সত্যতা পাওয়ায় ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা ও ১টি প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের যৌথ অভিযানে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জানা যায়, বুধবার দুপুরের দিকে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ফেনীর কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে জেলা স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্যরা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগের সত্যতা পাওয়ায় ফেনী সদর হাসপাতাল মোড়স্থ আমিন মেডিকেল সেন্টার ও মহিপাল মিশন টাওয়ারের আশা ডিজিটাল চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এছাড়াও সোনালী ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যাবতীয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
ফেনীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফেনীতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে। পরিদর্শনকালে অপরাধ ও সার্বিক কার্যক্রম বিবেচনায় দোষী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ইতোমধ্যে জেলায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা ও কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




