যশোরে প্রায় দুই কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি থানে এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট উদ্ধার করা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওয়াজিদ আলী ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ২১ এপ্রিল ঢাকায় আসেন। পরে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল তার।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধার করা গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করেছে। জব্দ করা স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা।
বিজ্ঞাপন
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস




