নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সোমা আক্তার ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। আহতদের মধ্যে সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমতলা গ্রামের নুরুল ইসলামের পরিবারের সঙ্গে শাহীন মিয়ার পরিবারের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বুধবার সকাল ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গৃহবধূ সোমা আক্তারসহ অন্তত ১০ জন আহত হন। পরে তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমা আক্তার মারা যান।
আহতদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
অন্যরা হাসপাতাল ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত।
প্রতিনিধি/এসএস




