বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বোতলে তেল না পেয়ে মেশিন কাঁধে পাম্পে হাজির কৃষকরা!

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

বোতলে তেল না পেয়ে মেশিন কাঁধে পাম্পে হাজির কৃষকরা!

শরীয়তপুরে ডিজেল সংগ্রহকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করেছেন কয়েকজন কৃষক। খোলা বোতলে তেল পাওয়া যাবে না—এমন আশঙ্কায় সেচকাজে ব্যবহৃত ভারী শ্যালো মেশিন কাঁধে করেই ফিলিং স্টেশনে হাজির হয়েছেন তারা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও কৌতূহল।

জানা গেছে, গত শনিবার (১৮ এপ্রিল) সকালে নড়িয়া উপজেলার ডগ্রি বাজারে অবস্থিত 'মেসার্স চোকদার ফিলিং স্টেশনে' তেল নিতে যান কয়েকজন কৃষক। বর্তমানে খোলা পাত্র বা ড্রামে তেল বিক্রির ওপর কড়াকড়ি থাকায় তারা ধারণা করেছিলেন, বোতলে তেল পাওয়া যাবে না। তাই কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি মেশিনটিই কাঁধে করে পাম্পে নিয়ে আসেন, যেন সরাসরি ট্যাংকে জ্বালানি ভরা যায়। পরে তারা সেখান থেকে তেল সংগ্রহ করে ফিরে যান।


বিজ্ঞাপন


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কৃষকরা দলবদ্ধ হয়ে তাদের ব্যবহৃত শ্যালো মেশিনটি বহন করে পাম্পে নিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য সাধারণ মানুষের মনে যেমন বিস্ময় জাগিয়েছে, তেমনি তথ্যের ঘাটতি নিয়ে তৈরি করেছে নানা প্রশ্ন।

ফিলিং স্টেশন সূত্র জানায়, সরকারি বিধিমালা অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ। তবে কৃষিকাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট দফতরের অনুমতি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তেল সংগ্রহের সুযোগ রয়েছে।

স্টেশনটির পরিচালক আব্দুল জব্বার বলেন, ‘কৃষকরা মূলত ভুল ধারণা থেকে এমনটি করেছেন। আগে বোতলে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় আমরা দিতে পারতাম না। পরবর্তীকালে প্রশাসনের নির্দেশনায় কৃষিকাজের সুবিধার্থে সীমিত পরিসরে বোতলে তেল দেওয়া শুরু হয়েছে। কিন্তু প্রচারণার অভাবে অনেকেই এখনো পুরোনো নিয়মটিই মেনে চলছেন।’

তিনি আরও জানান, এর আগে অনেকে জেনারেটর নিয়েও পাম্পে এসেছেন। তবে নিয়ম মেনে প্রয়োজনীয় অনুমতিপত্র দেখালে কৃষকদের তেল সরবরাহে কোনো বাধা নেই।


বিজ্ঞাপন


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহলের মতে, সঠিক তথ্যের অভাব ও সরকারি নিয়ম সম্পর্কে অস্পষ্টতার কারণেই প্রান্তিক কৃষকদের এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে। সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ও জোরালো উদ্যোগ নেওয়া জরুরি।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর