বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

রামুতে ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

রামুতে ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে সশস্ত্র দুর্বৃত্তরা অপহরণ করেছে।

বুধবার (২২ এপ্রিল) ভোরে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।=


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর পৌনে ৬টার দিকে ঈদগাঁও বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি করলিয়ামুরা গ্রামের উদ্দেশে রওনা দেন রুস্তম আলী। পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী তার গতিরোধ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের গহিন বনে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, অপহরণকারীরা তাকে বনাঞ্চলের ভেতরে কোথাও আটকে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, রুস্তম আলীর পরিবারের দাবি, অপহরণের পর অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তারা।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ১০-১২ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কটি বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই এ সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে আসছে। সন্ধ্যার পর এ সড়কে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হলে পুলিশের নিরাপত্তা নিতে হয়।


বিজ্ঞাপন


তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসে এই সড়ক থেকে মসজিদের ইমাম, অটোরিকশাচালক, শিক্ষক ও ব্যবসায়ীসহ অন্তত ১২ জন অপহরণের শিকার হয়েছেন। তাদের বেশিরভাগই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। গত এক দশকে ডাকাতদের গুলিতে পুলিশ সদস্য ও শিল্পীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। সর্বশেষ গত ২৩ মার্চ একই সড়ক থেকে দুই রাবার বাগান শ্রমিককে অপহরণ করা হয়; পরে মুক্তিপণ নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই অপহরণের ঘটনা ঘটতে পারে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার বলেন, ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় ইউপি সদস্য অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলটি রামু থানার আওতাধীন হলেও বনাঞ্চলে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি ওই সড়কে কয়েক দফা অভিযান চালানোর পর কিছুদিন অপহরণ ও ডাকাতি বন্ধ ছিল। তবে এই ঘটনার মধ্য দিয়ে বনদস্যুরা আবার সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশ বনাঞ্চলে অভিযান চালাচ্ছে। তবে এখনো তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কটি পাহাড়ি বনাঞ্চলের ভেতর দিয়ে হওয়ায় ঝুঁকিপূর্ণ। দিনের বেলায় পুলিশের টহল থাকলেও রাত ১০টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলাচলে নিরাপত্তা ঝুঁকি থাকে, তাই জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর