বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী সাধারণ যাত্রীরা।
বিজ্ঞাপন
পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এ বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, যাত্রীদুর্ভোগ চরমে পৌঁছানোয় উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সংকট সমাধানে আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এক জরুরি যৌথ সভার আহ্বান করা হয়েছে।
জানা গেছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে সভায় উপস্থিত থাকবেন নাটোর ও রাজশাহীর জেলা প্রশাসক।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ যৌথ বৈঠক থেকেই মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং দ্রুততম সময়ের মধ্যে পুনরায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




