দেশব্যাপী একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলায় মোট ৪০টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২০৭ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৭১ জন। বহিষ্কার হয়েছে ১ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনের পরীক্ষাকে কেন্দ্র করে বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদরাসা এবং বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানান।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৯৫৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৮৪০ জন এবং অনুপস্থিত ছিলেন ১১৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৫৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৯১৯ জন এবং অনুপস্থিত ছিলেন ১৩৯ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ৭২৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৭১৩ জন এবং অনুপস্থিত ছিলেন ১৪ জন। পাথরঘাটা উপজেলার কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বরগুনায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত সকলকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভীতি বা চাপ ছাড়া স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আশা করছি, পুরো পরীক্ষার সময় এ ধারাবাহিকতা বজায় থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতন থাকলে একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
প্রতিনিধি/এসএস




