শরীয়তপুর সদর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে অকার্যকর করার পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শৌলপাড়া এলাকায় অবস্থিত মেসার্স হাওলাদার ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা।
বিজ্ঞাপন
অভিযানে সার্বিক সহযোগিতা দেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রাসেল নোমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স হাওলাদার ব্রিকস নামের ইটভাটাটির কোনো বৈধ অনুমোদন না থাকায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ অধিদফতর থেকে ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সেই নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাটাটি পরিচালনা করা হচ্ছিল।
এ অবস্থায় মঙ্গলবার দুপুরে প্রশাসনের অভিযানে ইটভাটাটির চিমনির একটি অংশ ভেঙে অকার্যকর করা হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৮(২) ধারায় মালিকের কাছ থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন
জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, আইন অনুযায়ী এই ইটভাটার অবস্থান সম্পূর্ণ অবৈধ। তিন বছর আগে আমরা ভাটাটি বন্ধে নোটিশ দিয়েছিলাম। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা জানান, আইন অনুযায়ী কোনো ইটভাটার এক কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকলে তা সরিয়ে নিতে হয়। কিন্তু হাওলাদার ব্রিকসের মাত্র আড়াইশ মিটারের মধ্যেই একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মালিক বারবার নির্দেশ দেওয়ার পরও ভাটাটি সরাননি।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভাটাটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ভাটাটির কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
প্রতিনিধি/এসএস




