ঈদুল আজহা পর্যন্ত স্বাভাবিক সময়ের মতো মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবি জানিয়ে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুলসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা জানান, সরকার ঘোষিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী রংপুরের ব্যবসায়ীরা সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করছেন। এতে করে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তাছাড়া দ্রুত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ক্রেতারা কেনাকাটা করতে পারছেন না।
ব্যবসায়ী নেতারা বলেন, স্বাভাবিক সময়ের মতো বিক্রি না থাকায় দোকান কর্মচারীদের বেতন-ভাতা ও দোকানভাড়া দেওয়া কঠিন হয়ে পড়েছে। আসন্ন ঈদুল আজহায় মার্কেট ও শপিংমলগুলো স্বাভাবিক সময়ের মতো অর্থাৎ আগের নিয়মে খোলা রেখে ব্যবসা করতে না পারলে ব্যবসায়ীদের পথে বসতে হবে। তাই বিদ্যুৎ সাশ্রয়কে মাথায় রেখে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে স্বাভাবিক দিনের মতো ব্যবসা পরিচালনায় জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ব্যবসায়ীরা।
জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল বলেন, ঋণ করে কতদিন কর্মচারীদের বেতন দিতে পারব জানি না। তাই ঈদ পর্যন্ত স্বাভাবিকভাবে ব্যবসা করতে না পারলে আমাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। এসময় তিনি সরকারের কাছে ঈদুল আজহা পর্যন্ত স্বাভাবিক সময়ের মতো মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবি জানান।
প্রতিনিধি/এসএস




