সিরাজগঞ্জের বেলকুচির শেরনগরে অভিযান চালিয়ে মেসার্স রবিউল এন্টারপ্রাইজের দোকানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়াও মজুত করার অপরাধে ব্যবসায়ী রবিউল ইসসলামকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এ সময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশে মেসার্স রবিউল এন্টারপ্রাইজের মালিক রবিউল ইসলাম ডিজেল মজুত করেছিল। আজ অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল রাখার অপরাধে ব্যবসায়ী রবিউল ইসলামকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




