তথ্যমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে এমন পর্যায়ে নিয়ে যাব যাতে একজন খেলোয়াড় একে পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী হন।’ তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম তিন মাসে যে কাজগুলোকে বিশেষ প্রাধান্য দিয়েছে, তার মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অন্যতম।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বরিশাল স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর বিনোদনের পথ সুগম না থাকলে একটি দেশ বা জাতি কখনোই সঠিকভাবে গড়ে উঠতে পারে না। বিশেষ করে কিশোর ও তরুণদের উচ্ছলতা ও প্রাণচঞ্চল তারুণ্যকে কেবল সুস্থ ক্রীড়া ও বিনোদন জগতের মাধ্যমেই সঠিকভাবে বিকশিত করা সম্ভব।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার গুরুত্ব অনুধাবন করেই তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন। আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটের যে গৌরব দেখা যায়, সেদিন ক্রীড়া মন্ত্রণালয় গঠিত না হলে তা হয়তো সম্ভব হতো না।’
পূর্ববর্তী শাসন আমলের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘মাঝখানের ইতিহাস আমাদের জানা। কেন তখন মাঠে বল গড়ায়নি কিংবা দর্শকদের উল্লাস দেখা যায়নি—সেই কাহিনী বলতে গেলে রাজনৈতিক কটু কথা হয়ে যাবে, যা বর্তমানের সুন্দর পরিবেশকে নষ্ট করতে পারে। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, যারা শাসনে ছিলেন তাদের লুটপাট ছাড়া অন্য কোথাও মনোযোগ ছিল না। অথচ এই তরুণরা আমাদেরই সন্তান; তাদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব।’
অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




