মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রাসেল মোল্লা ওই গ্রামের মো. ওয়াদুদ মোল্লার ছোট ছেলে।
এলাকাবাসী জানায়, রাসেল বাড়ির পাশের পুকুরে স্থাপিত বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে পানি উত্তোলন করছিলেন। একপর্যায়ে মোটরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি তা পরীক্ষা করতে পানিতে নামেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ নেই এবং তারা এ ঘটনায় কোনো মামলাও করতে চান না। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস




