ঝালকাঠির নলছিটি উপজেলায় গত প্রায় দুই মাস ধরে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের বিভিন্ন সরকারি সেবা পেতে ভোগান্তি বাড়ছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নলছিটির ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম। পরে সেপ্টেম্বরের ৯ তারিখ লাভলী ইয়াসমিন দায়িত্ব গ্রহণ করেন। তবে দুই মাসের মধ্যে ২৬ নভেম্বর জোবায়ের হাবিব নতুন ইউএনও হিসেবে নিয়োগ পান। এরপর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি প্রশিক্ষণে চলে গেলে পদটি আবারও শূন্য হয়ে যায়।
বিজ্ঞাপন
বর্তমানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজকে নলছিটির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি নলছিটি পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন। ফলে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে সময়মতো সব কার্যক্রম সম্পন্ন করা কঠিন হয়ে পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থায়ী ইউএনও না থাকায় সরকারি সেবা পেতে তাদের বারবার উপজেলা অফিসে যেতে হচ্ছে।
নলছিটি পৌরসভার বাসিন্দা কাওসার সিকদার, মামুন হোসেন, রাকিব হোসেন ও বাপ্পি হাওলাদার বলেন, “নিয়মিত প্রশাসক না থাকায় আমাদের নানা কাজে ভোগান্তি হচ্ছে। দ্রুত স্থায়ী ইউএনও ও প্রশাসক নিয়োগের দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে জেলা প্রশাসক মমিন উদ্দিন বলেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শূন্য পদে দ্রুত স্থায়ী ইউএনও পদায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
প্রতিনিধি/এসএস




