মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

মনোনয়ন না পাওয়াকে ‘মৃত্যুসম যন্ত্রণাদায়ক’ বললেন বিএনপি নেত্রী

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

মনোনয়ন না পাওয়াকে ‘মৃত্যুসম যন্ত্রণাদায়ক’ বললেন বিএনপি নেত্রী
অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন। ছবি তার ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত। 

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়াকে ‘মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। আরিফা জেসমিন নাহীন নেত্রকোনা শহরের বাসিন্দা। ওই পোস্টে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি নানা ক্ষোভ, হতাশা ও বঞ্চনার কথা প্রকাশ করেন।


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘মানুষ মারা গেলে যেমন আর ফিরে আসে না, আমার জীবন থেকেও এই সংসদ সদস্য (এমপি) হতে না পারাটা তেমনই—অর্থাৎ আমি জীবনে আর এমপি হতে পারব না। হাজারবার চাইলেও এই সুযোগ আর ফিরে আসবে না। রাজনীতির মাঠে পাঁচবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, রাজপথে গ্রেপ্তার হয়েছি আটবার। অসংখ্য মামলার আসামি হয়েছি, জেল খেটেছি। আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে ১২ বার। আইনজীবী হিসেবে ৪০ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে মনোনয়ন পাইনি; তবুও নেতাকর্মী ও পরিবার নিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছি।’

আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন ‘১৯৮৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজনীতির কারণে আমার জীবন স্বাভাবিক ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে আইনজীবী হিসেবে যা আয় করেছি, তার সবটুকুই রাজনীতির পেছনে ব্যয় করেছি। আইন পেশায় আমার ভালো উপার্জন ছিল। একজন নারীর পক্ষে এত মিছিল, মিটিং ও মানববন্ধন আয়োজন করা অত্যন্ত কঠিন কাজ। রাজনীতির পেছনে ছুটতে গিয়ে স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের প্রাপ্য সময় ও অর্থ থেকে তাদের বঞ্চিত করেছি। তছনছ করে দিয়েছি পরিবারের সুখ-শান্তি।’

মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে নাহীন বলেন ‘চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছে আর মনে হচ্ছে আমি নিজেকে ঠকাতে পারি, কিন্তু সন্তানসহ পরিবারের অন্যদের ঠকানোর কোনো অধিকার আমার নেই। আমার রাজনীতির কারণে আমার স্বামী কোনো ব্যবসা-বাণিজ্য করতে পারেননি। উল্টো জমিজমা বিক্রি করে পরিবারের সবাইকে কষ্টের মুখে ফেলেছি। তাই আজ এই প্রাপ্তি আমার কাছে মৃত্যু যন্ত্রণার মতো।’

অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)। এলাকায় তিনি রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি ২০২৪-এর জুলাই আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নেত্রকোনায় তার বসতবাড়ি বেশ কয়েকবার ভাঙচুর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর