সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

খাদ্যবান্ধব কর্মসূচির আদলে কার্ড বানিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের শঙ্কা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

খাদ্যবান্ধব কর্মসূচির আদলে কার্ড বানিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের শঙ্কা
শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাঁপাইনবাবগঞ্জে কার্ড ছাপিয়ে প্রায় ২০ হাজার অসহায়-দুস্থদের কাছ থেকে আদায় করা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। এই টাকা ভবিষ্যতে আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার শংকায় সংবাদ সম্মেলন করেছেন জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে অভিযোগ করে চেয়ারম্যান বলেন, মেসার্স মাসকুরা ট্রেডার্স নামে ধাইনগর ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসতঘরেই নিম্নমানের চাল মজুত রেখে ব্যবসা শুরু করেন স্থানীয় বাসিন্দা জেসমিন বেগম। শুধু তাই নয়, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগান ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি দুস্থ কার্ড। আর প্রতিটি কার্ডের জন্য নেয়া ৫ হাজার টাকা করে নিয়ে প্রায় ২০ হাজার গ্রাহক সংগ্রহ করে আদায় করা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। বিনিময়ে কিছু গ্রাহককে ৩০ কেজি নিম্নমানের চাল দেওয়া হয়েছে এবং এজন্য নেওয়া হয়েছে আরও ৫০০ টাকা করে। অর্থাৎ ৫ হাজার টাকা দিয়ে সদস্য হলে তাদের ৫’শ টাকার বিনিময়ে ৩০ কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঘটনাটি টের পেয়ে ধাইনগর ইউপি’র ট্রেড লাইসেন্সটি প্রায় এক বছর পর গত ৫ এপ্রিল বাতিল করা হয় এবং প্রতারণা বিষয়টি আঁচ করতে পেরে ইউপি চেয়ারম্যান গত ৬ এপ্রিল এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয় রামনগরের জাবড়ী কাজীপাড়া এলাকায়। এসময় অভিযোগের সত্যতা পেয়ে এই কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার পর জেলা প্রশাসন সহকারী কমিশনারকে (ভূমি, সদর) প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

Chapainobab

এর প্রেক্ষিতে গতকাল রোববার প্রশাসন সহকারী কমিশনার, ভূমি (সদর) কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়কেই তদন্তের জন্য ডাকা হলে উভয়পক্ষ সেখানে হাজির হয়ে নিজ নিজ বক্তব্য প্রদান করেন। এর আগে জেসমিন বেগম প্রায় ৩০০ মহিলাকে সঙ্গে নিয়ে এসে ভূমি অফিস ঘেরাওয়ের চেষ্টা করে এবং চেয়ারম্যানকে প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সাতক্ষীরায় উচ্ছেদ হওয়া ২ পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত

সংবাদ সম্মেলন থেকে চেয়ারম্যান নিজের নিরাপত্তা ও মেসার্স মাসকুরা ট্রেডার্স এবং জেসমিন বেগমের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধাইনগর ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য গোলাম রাব্বানী টিটু, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসরাম, গোলাম জাকারিয়া প্রমুখ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর