সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নওগাঁ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ ও পাল্টাপাল্টি মানববন্ধন

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ এএম

শেয়ার করুন:

নওগাঁ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ ও পাল্টাপাল্টি মানববন্ধন

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু এবং চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ ও পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে “নওগাঁ নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ”-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। এতে হাসপাতালের নার্স ও কর্মচারীদের দায়িত্ব অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলা হয়।


বিজ্ঞাপন


বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার (১৭ এপ্রিল) সুজন কুমার মণ্ডল তার মাকে হাসপাতালে ভর্তি করেন। পরে শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন মাস্ক দেওয়া হলেও সেটিতে অক্সিজেন প্রবাহ না থাকার অভিযোগ ওঠে। প্রায় ৪০-৪৫ মিনিট ছটফট করার পর রোগীর মৃত্যু হয় বলে দাবি করেন তারা। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং হাসপাতালে দালাল চক্র নির্মূলের দাবি জানান।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগসহ অন্য নেতারা বক্তব্য দেন। তিনি দাবি করেন, রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে জরুরি ডাক্তার ডাকার বিষয়ে অনিয়ম ছিল এবং ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছে।

19

এদিকে একই ঘটনায় হাসপাতালের সামনে নার্সিং কর্মকর্তা, ইন্টার্ন নার্স ও শিক্ষার্থীদের ব্যানারে পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অভিযোগ করা হয়, ডিউটিরত নার্সদের হেনস্তা, অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছনা এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা বলেন, রোগীর চিকিৎসায় কোনো অবহেলা হয়নি, বরং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছিল। তারা নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

ইন্টার্ন নার্স ইয়ামিন হাসান অভিযোগ করে বলেন, তাকে কেবিনে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।

সিনিয়র স্টাফ নার্স শবনম মুস্তারি বলেন, “আমরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে চাই। নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব।”

অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর