চাঁদপুরের হাজীগঞ্জে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রফিক (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর বাজারের পশ্চিম পাশে প্রবাসী আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রফিক দক্ষিণ কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্বজনদের বরাতে জানা যায়, সকালে ওই ভবনের তৃতীয় তলায় রান্নাঘরের কাজ করছিলেন রফিক। এ সময় অসতর্কতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। তিনি বলেন, মরদেহ হস্তান্তরের জন্য লিখিত আবেদন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। নিহতের পরিবারের সদস্যরা বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন।
/এএস




