র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি মো. নাসিরকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞাপন
র্যাব জানায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি ৩ শায়েস্তগঞ্জ ক্যাম্প এবং র্যাব-৭ সিপিসি-১ ফেনীর একটি যৌথ অভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. নাসির গ্রেফতার হয়। গ্রেফতার আসামি জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের মো. নুর উদ্দিনের ছেলে। পরে আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে সিএনজিযোগে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ডাকাত বলে ধাওয়া করলে যুবক দৌড়ে পালিয়ে যায়।
এরপর অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক চা বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে তার স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।
একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় মো. জসিম মিয়াকে। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়। ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেন।
এর আগে, শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টায় পালিয়ে যাওয়া এ মামলার অন্য আসামি মো. শাহীন মিয়াকে র্যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে।
প্রতিনিধি/এসএস




