রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাগুরায় পুলিশ পরিচয়ে বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

মাগুরায় পুলিশ পরিচয়ে বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর
ছাকাম মোল্যা (৫২)।

মাগুরায় পুলিশ পরিচয়ে ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গোপাল গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ছাকাম মোল্যা স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোপাল গ্রামের বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি সাদা রঙের মাইক্রোবাস ছাকাম মোল্যার বাড়ির সামনে এসে থামে। এসময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান এবং তাকে সঙ্গে যেতে বলেন। তবে পরিবারের কাউকে সঙ্গে নিতে না দিয়ে দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক

পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, পার্শ্ববর্তী বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।


বিজ্ঞাপন


ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, যারা তাকে তুলে নিয়ে গেছে তারা প্রকৃত পুলিশ নয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, বিগত ১৬-১৭ বছর ধরে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। এখনো আমাদের নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতরা পুলিশের কেউ নন। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর