শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে সওজের জলাশয় ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণের অভিযোগ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে সওজের জলাশয় ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণের অভিযোগ

ঝালকাঠি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা একটি জলাশয় অনুমতি ছাড়া ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণের অভিযোগ উঠেছে ঝালকাঠি পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভা ৭ লাখ ৭ হাজার ৮৮৭ টাকা বরাদ্দে একটি ট্রাকস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেয় এবং দরপত্রের কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মাহমুদুল ইসলাম কাজ বাস্তবায়ন করছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এদিকে, গত ১৫ এপ্রিল ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪০ বাস্তবায়ন সংক্রান্ত অংশীজন সভায় বিষয়টি উত্থাপন করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান। তিনি প্রকল্পটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পরবর্তীতে সওজের পক্ষ থেকে একটি স্মারক জারি করে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, বরিশাল–ঝালকাঠি–পিরোজপুর–বাগেরহাট–খুলনা জাতীয় মহাসড়কের পেট্রোল পাম্প মোড় থেকে বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের অধিগ্রহণ করা জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। বিশেষ করে ৪-লেন উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনার কারণে জমিটি গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়।

397f53c2-6f0c-4228-ab2e-e88ee9b985e7

চিঠিতে আরও বলা হয়, ভূমি ব্যবহার নীতিমালা-২০১৫ অনুযায়ী পূর্ব অনুমোদন ছাড়া এ ধরনের সরকারি জমিতে স্থাপনা নির্মাণ আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। তাই ওই স্থানে ট্রাকস্ট্যান্ড নির্মাণ কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়।


বিজ্ঞাপন


স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, একই জায়গায় ২০২৩ সালে একটি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সওজের অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়ন হয়নি। এবার একই স্থানেই পৌর কর্তৃপক্ষ ট্রাকস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু করায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

নওগাঁয় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কৃষ্ণকাঠি মৌজার ৯৯ নং জে.এল, ১৪২৮ নং এসএ দাগভুক্ত এই জমি ব্যক্তি মালিকানা থেকে অধিগ্রহণ করে সওজের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়। পাশাপাশি এলাকাটি একটি জলাশয় হওয়ায় বালু দিয়ে ভরাট করাও পরিবেশগতভাবে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন স্থানীয়রা।

পরিবেশবিদদের মতে, অনুমোদন ছাড়া জলাশয় ভরাট করা ‘প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০’ এবং ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

c7c6179b-5d72-4f98-be76-fd3cc8c5925c

এ বিষয়ে জমির মালিক কামরুল ইসলাম তালুকদার বলেন, আমাদের ক্রয় করা দাগের জমি থেকে কিছু অংশ অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু এখনও বেশির ভাগ জমি আমাদের মালিকানায় রয়েছে। এ বিষয়ে সঠিক পরিমাপ ও নোটিশ ছাড়া কাজ করা হচ্ছে। আমরা এ বিষয়ে কিছুই জানি না।

অন্যদিকে ঠিকাদার মাহমুদুল ইসলাম জানান, পৌরসভা থেকে কাজের অনুমতি পেয়েছি, তাই কাজ শুরু করেছি। জমির মালিকানা ও অন্যান্য বিষয় পৌর কর্তৃপক্ষ দেখবে।

ঝালকাঠি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, শহরের জন্য একটি ট্রাকস্ট্যান্ড প্রয়োজন। সেই কারণেই প্রকল্পটি নেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর