শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ এএম

শেয়ার করুন:

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকার নুর বক্সের বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শফিউল আলম ওই বাড়ির নুর বক্সের ছেলে। আহতরা হলেন— নিহতের ভাতিজা ফকির আহম্মদ (৪০), নিহতের বড় ভাই নুর আলম (৬০), নিহতের ছেলে সিফাত (২৫) এবং গ্রামের সর্দার মো. আজিম (৫৫)।

নিহতের বড় ভাই নুর আলম বলেন, একটি বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুষিতে ঘটনাস্থলেই শফিউল আলমের গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, শুক্রবার দুপুরে শফিউল আলম নামে এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মুরগি চোর বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে সালিশি বৈঠকের সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনা এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর