প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নিজ জেলাতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা- কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
এরই মধ্যে মিছিলটি বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ের কাছাকাছি গেলে মিছিলে থাকা কিছু বিক্ষুব্ধ লোক জাগপা কার্যালয়ের বাইরের টিনের বেড়া ও ভেতরের কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে নেতারা বিক্ষুব্ধ ব্যক্তিদের সেখান থেকে আবারও মিছিলে নিয়ে আসেন। মিছিলে নেতা- কর্মীরা ‘একাত্তরের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিজ্ঞাপন
মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান) বক্তব্য দেন।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত রাশেদ প্রধান প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত রাশেদ প্রধানকে পঞ্চগড়ের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন বক্তারা।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনই জাগপা নেতা রাশেদ প্রধান এই কুলাঙ্গার প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছে। আমরা লজ্জিত যে তার বাড়ি পঞ্চগড়ে।
তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে। কিন্তু তিনি তা না করে কটুক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে এর বিচার আমরা দাবি করছি। পঞ্চগড়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কুলাঙ্গার রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন।
তবে দলীয় প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে জাগপা দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ নেতাকর্মীদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জাগপা নেতাকর্মীরা।
জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম গণঅভ্যুত্থানের পরে বাক স্বাধীনতা ফিরে পাবো।
কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেবো।
জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল টিভিসহ আসবাপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর উপর তারা হামলা করেনি। তারা আমাদের উপর হামলা করলে আমরা তাদের প্রতিহত করতাম।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।
এআরএম




