চট্টগ্রাম বন্দরে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ ভিড়েছে। এসব জাহাজে মোট ১ লাখ ৩৮ হাজার টন তেল রয়েছে। এর মধ্যে তিনটিতে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং একটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে।
বন্দরের আলফা অ্যাংকরে থাকা ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেলবাহী লাইবেরিয়ার পতাকাবাহী এমটি অকট্রি জাহাজ থেকে ইতিমধ্যে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটি শনিবার ডলফিন জেটিতে ভিড়তে পারে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ১৭ এপ্রিল চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। চলতি সপ্তাহে আরও কয়েকটি পার্সেল আসার কথা রয়েছে। এতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।
বিপিসির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল নিয়ে পর্তুগালের পতাকাবাহী এমটি কেপ বনি, ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী এমটি নেভি সিয়েলো এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী এমটি লিয়ান সং হো আলফা অ্যাংকরে অবস্থান করছে।
ভেসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য বলছে, এমটি অকট্রি ও এমটি কেপ বনি ১২ এপ্রিল, এমটি নেভি সিয়েলো ১০ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এবং এমটি লিয়ান সং হো ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে চট্টগ্রামে আসে।
এআর




