শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

‘বন্ধু বলে কথা’—এই কথাটার বাস্তব উদাহরণ যেন নতুন করে দেখালেন কুমিল্লার মুরাদনগরের ১০ তরুণ। বন্ধুর কষ্টে পাশে দাঁড়াতে গিয়ে তারা যা করলেন, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।

ঘটনাটি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারে। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।


বিজ্ঞাপন


জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে মাথা ন্যাড়া করতে হয়। কিন্তু বন্ধুর এই পরিস্থিতিতে তাকে একা থাকতে দেননি তার বন্ধুরা।

বন্ধুর কষ্টকে নিজের কষ্ট মনে করে গত বুধবার বিকেলে (১৫ এপ্রিল) একটি সেলুনে একে একে নিজেদের চুল ফেলে দেন আরও ৯ বন্ধু। মুহূর্তেই তৈরি হয় বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।

এই হৃদয়স্পর্শী ঘটনায় অংশ নেন—কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, তার পাশে আছি— এটাই বোঝাতে আমরা সবাই ন্যাড়া হয়েছি।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, এমন বন্ধুত্ব এখন খুব কমই দেখা যায়। এটা সত্যিই অনুকরণীয়।

বন্ধুদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সজীবও আয়োজন করেন এক ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের জন্য আয়োজন করা হয় পুরস্কার বিতরণী।

লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস, আর তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। বাকি সবাই পান উপহার হিসেবে হাতঘড়ি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর