শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

টেকনাফে অপহৃত তিন ব্যক্তি উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

টেকনাফে অপহৃত তিন ব্যক্তি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় র‍্যাবের সাঁড়াশি অভিযানে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত তিন ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।


বিজ্ঞাপন


শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নেয়। পরে তাঁদের সিএনজিচালিত অটোরিকশায় করে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার করাচি পাড়ার দুর্গম পাহাড়ে নিয়ে জিম্মি করা হয়। সেখানে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বিষয়টি র‍্যাবকে জানানো হলে অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে বাহিনীটি।

র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা ও হ্নীলা বাজারে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। তাঁদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরীপাড়া এলাকায়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর