শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নির্মাণাধীন ভবনে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

নির্মাণাধীন ভবনে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে ফতুল্লার ভোলাইল এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় এ  ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পটুয়াখালির বাউফল থানার ভাংরা গ্রামের দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রানা (২২)।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, ভবনের পানির ট্যাংকের স্যান্টারিং খোলার কাজ চলাকালে ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন তারা। অল্প সময়ের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলেই তারা অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসেই দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে লালন মিয়ার বাড়িতে ভবন নির্মাণের কাজ চলছে। এ সময় দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সম্প্রতি বাড়ির ভিতরেই একটি সেপটি ট্যাংকের ছাদ ঢালাই চলছিল। ওই ছাদের সাটারিংয়ের কাঠ খুলতে প্রথমে একজন শ্রমিক ট্যাংকিতে নামেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে আরেকজন নামেন। এতে দুজনই অচেতন হয়ে পড়লে ভয়ে অন্যরা ট্যাংকিতে না নেমে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্যাংকি থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এর সত্যতা যাচাইয়ের জন্য পুলিশের একটি টিম কাজ রয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

দেলোয়ার মৃধা পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। অন্যদিকে রানা ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক। বন্ধের দিন থাকায় দেলোয়ারের সঙ্গে কাজ করতে এসে প্রাণ হারালেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর